ঈদে যাতায়াত নির্বিঘ্ন করতে সব পদক্ষেপ নেয়া হয়েছে

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঈদ পর্যন্ত রাস্তায় কোন ভারি যানবাহন না চালানোর আহ্বান জানিয়ে বলেছেন, সড়কপথে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। এক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বর্ষাকালে রাস্তা সংস্কার করা অত্যন্ত কঠিন কাজ। বৃষ্টি হলেই সংস্কারকাজে বিঘ্ন ঘটে। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রাফিক-ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় পরিবহন মালিক, শ্রমিক ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে দেশের সার্বিক যাতায়াত-ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। যোগাযোগমন্ত্রী এ সময় রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি না চালানোর জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক ও মহাসড়কে কোথাও কোনো যানজট নেই। বৃহস্পতিবার থেকে ঈদের ২ দিন পর্যন্ত সড়ক ও মহাসড়কে সিমেন্ট, রড, কাঠ, পাথর ও বালুসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। অতিরিক্ত ভাড়া ও যানজট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মোবাইল টিম ও মনিটরিং টিম যৌথভাবে এ ব্যাপারে মনিটর করছে। অতিরিক্ত ভাড়া বিষয়ে কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া অকারণে কোথাও কেউ যানজট সৃষ্টি করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। শুধু ঢাকা নয় দেশের কোথাও অকারণে গাড়ি আটকে নেই বলে তিনি জোর দাবি করেন। মুন্সীগঞ্জ প্রতিনিধি: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ করে বলেছেন, ঈদকে সামনে রেখে কোন গাড়ি আটকাবে না, কিন্তু আপনাদের আন্দোলনের গাড়িই আটকে যাচ্ছে। আমি কখনও বলিনি, এখনই দেশের সব রাস্তা ঝকঝকে তকতকে হয়ে যাবে। তবে ২০১৮ সালের মধ্যে সব রাস্তা ঝকঝকে তকতকে হবে। মাওয়া ফেরি ঘাট এবং ঢাকা-মাওয়া মহাসড়ক ও ঢাকা-দোহার সড়ক পরিদর্শন শেষে গতকাল বিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।