শুটার বাকির নৈপুণ্যে প্রথম পদক পেল বাংলাদেশ দল
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২২:৫২
শুটার আবদুল্লাহ হেল বাকির নৈপুণ্যে ২০তম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় নাম উঠলো বাংলাদেশের। গতকাল স্কটল্যান্ডের ডান্ডির ব্যারি বাডন শুটিং কমপ্লেক্সে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের অভিনব বিন্দ্রার সাথে লড়াই করেই রৌপ্য পদক জেতেন তিনি।
দেশের অন্যতম সেরা এই শুটার ইভেন্টটিতে ২০২.১ স্কোর করেন। অপরদিকে স্বর্ণজয়ী ৩১ বছর বয়সী বিন্দ্রা নিজের শেষ কমনওয়েলথ গেমসে স্কোর করেন ২০৫.৩। যদিও ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন, বাংলাদেশের শুটার আসিফ হোসেন। এরপর আর ইভেন্টটিতে স্বর্ণ জিততে পারেনি বাংলাদেশের কোন শুটার।
বাংলাদেশ দলের কর্মকর্তারা অবশ্য আশা করেছিলেন ঢাকা রাইফেল ক্লাবের এই শুটার সোনার পদক জিতবেন। কিন্তু প্রস্তুতি ও সুযোগ সুবিধার বিচারে বাকির চেয়ে অনেক এগিয়ে থাকা বেইজিং অলিম্পিকের স্বর্ণজয়ী বিন্দ্রার সাথে কুলিয়ে ওঠা সম্ভব হলো না বাকির। বিন্দ্রা অবশ্য এই ইভেন্টে বিশ্বসেরাদেরও একজন। ইংল্যান্ডের ড্যানিয়েল রিভার্স (১৮২.৪) ইভেন্টটিতে তৃতীয় হয়েছেন।
বাস্তবতা হলো বাকি ফাইনালের নয় রাউন্ডের মধ্যে কোনবারই বিন্দ্রাকে পেছনে ফেলতে পারেননি। আটজনের চূড়ান্ত লড়াইয়ের আগে বাংলাদেশের আরেক শুটার মোহাম্মদ মুন্না হিট থেকেই বাদ পড়ে যান। বাকী ছয় রাউন্ডের বাছাই পর্ব থেকে ৬২০ স্কোর করে ৫ম স্থান পেয়ে আটজনের চূড়ান্ত লড়াইয়ে যোগ দেন। ১৯ জনের এই বাছাই পর্বে শুটার মুন্না ৬০৫.৩ পয়েন্ট স্কোর করে পান ১৫তম স্থান।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, ফাইনাল রাউন্ডের পর সেখানে উপস্থিত কর্মকর্তারা বাকিকে অভিনন্দন জানান। তবে শুটারটি এতে খুশি হননি। তিনি সোনার পদক জয়ে আশাবাদী ছিলেন। অবশ্য ঢাকায় এ খবর এসে পৌঁছানোর পর দেশের ক্রীড়াঙ্গনেও খুশির ঝলক লাগে।
এদিকে গতকাল গেমসের তৃতীয় দিনে বাংলাদেশের আরেক শুটার আরমিন আশা মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করলেও ৭৫.৯ পয়েন্ট পেয়ে অস্টম তথা সবার পেছনে থেকে প্রতিযোগিতা শেষ করেন। এই ইভেন্টে ১৯৮.৬ পয়েন্ট স্কোর করে কমনওয়েলথ গেমস রেকর্ডসহ স্বর্ণপদক জেতেন সিঙ্গাপুরের ২৫ বছর বয়সী জিয়ে শুন-তায়ে। আর রৌপ্য পদক জেতেন ভারতের ১৬ বছর বয়সী মালাইকা গোয়েল (১৯৭.১)। ১৭৭.২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছেন কানাডার ডোর্তি লুইং।
আজ মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সৈয়দা সাদিয়া সুলতানা ও শারমিন আকতার রত্না এবং স্কিট ইভেন্টে ইকবাল ইসলাম ও নূরুদ্দিন সেলিম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও গতকাল বাংলাদেশ দল টেবিল টেনিসে পুরুষ দলগত ইভেন্টে ৩-২ সেটে হেরে গেছে মৌরিতাস দলের বিরুদ্ধে।