হযরত ইউনূস (আঃ) মসজিদ উড়িয়ে দিল আইসিস জঙ্গিরা!

ইরাক ও সিরিয়া দাপিয়ে বেড়ানো ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইসিস) জঙ্গিরা ইরাকের মসুলে অবস্থিত হযরত ইউনুস নবীর (আঃ) মসজিদ শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়েছে। সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ইউটিউবে এই ঘটনার ভিডিও দেয়া হয়েছে। ইরাক ভিত্তিক আল-সুমাইরা নিউজকে মসুলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, আইসিস জঙ্গিরা হযরত ইউনুস নবীর (আঃ) মসজিদটি দখল করে তার চারপাশে শক্তিশালী বিস্ফোরক পুঁতে এর বিরাট অংশ ধুলোর সাথে মিশিয়ে দেয়। তিনি আরো বলেন, এর আগে জঙ্গিরা মসজিদের সবগুলো দরজা বন্ধ করে দেয় যাতে এর ভিতরে কোনো মুসল্লি প্রবেশ করতে না পারেন। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে তারা মুসল্লিদের মসজিদে যাবার পথে বাধা দেয়। পরে দরজাগুলো বন্ধ করে দেয়। এরপর মসজিদ প্রাঙ্গনের ভেতরে ও বাইরে বিপুল পরিমাণ বিস্ফোরক স্থাপন করে। এরপর শত শত ‘দর্শকের’ সামনেই তারা বিস্ফোরণ ঘটায়।