চট্টগ্রামের ২০ বিপণি কেন্দ্রে জালটাকা সনাক্তকারী মেশিন প্রদান

টাকা জালকারী চক্রের অপতত্পরতা রোধে চট্টগ্রামের ২০টি প্রধান বিপণি কেন্দ্রের নেতৃবৃন্দের কাছে গতকাল শুক্রবার জালনোট সনাক্তকারী মেশিন বিনামূল্যে হস্তান্তর করা হয়েছে। বিকালে হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মেশিন হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এফবিসিসিআই এসব মেশিন ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ঈদ-পূজার মতো বড় বড় ধর্মীয় উত্সবের প্রাক্কালে জনসাধারণের প্রচুর কেনাকাটার সুযোগে নোট জালকারী কিছু চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব মেশিন চট্টগ্রামে জালনোট চক্রের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মাসুম কামাল ভুঁইয়া। বক্তব্য রাখেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, এফবিসিসিআই-এর প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন, মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জামাল আহমেদ, ব্যবসায়ী নেতা আবদুস সালাম, মাহফুজুর রহমান শাহ প্রমুখ।