ঈদে নৌ পুলিশ মোতায়েন

ঈদে নৌ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রথমবারের মতো নদীপথ, লঞ্চঘাট ও ফেরিঘাটে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌ পুলিশ ইউনিট চালু হওয়ার পর তাদেরকে এই প্রথম ঈদে আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হল। প্রাথমিকভাবে নৌ পুলিশের একশজন সদস্য মাঠ পর্যায়ে এই নিরাপত্তা দিবে। পুলিশ সদর দফতরের নৌ পুলিশ ইউনিট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর ও রাজবাড়ী এলাকার নদীপথ, লঞ্চঘাট ও ফেরিঘাটে নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার সদরঘাটে একজন এসআই পদ মর্যাদার কর্মকর্তার নেতৃত্বে ৩০ জন, আরিচা ফেরিঘাটে ২০ জন, মাওয়া ফেরিঘাটে ২০ জন, কাওরাকান্দিতে ১৫ জন ও দৌলতদিয়া ফেরিঘাটে ১৫ জন নৌ পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান জানান, গত ২২ জুলাই থেকে পর্যায়ক্রমে বিভিন্ন নৌ পথে পুলিশ মোতায়েন করা হচ্ছে। সাধারণ যাত্রীদের নিরাপত্তা আরো সুরক্ষিত করার লক্ষ্যেই তাদের এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।