সিলেটে অপহূত বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
প্রকাশ : ২৫ জুলাই ২০১৪, ২৩:০০
অপহরণের ৫ দিন পর সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ আহমদের হাত-পা বাঁধা লাশ ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী সংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খালেদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের ছলুছ মিয়ার ছেলে।
খালেদ গত সোমবার একটি ল্যাপটপ বিক্রির জন্য নগরীর বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটে আসেন। দরদামে বনিবনা না হওয়ায় ল্যাপটপ বিক্রি না করেই তিনি মার্কেট থেকে বেরিয়ে যান। একটি সূত্র জানায়, ব্যবসায়ী কবির ল্যাপটপটি বেশি দামে বিক্রির কথা বলে তাকে নিয়ে বিয়ানীবাজারে যান। এরপর থেকে খালেদ নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদকে আটকে রেখে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তারা বিয়ানীবাজার থানা ও সিলেট কতোয়ালী থানা পুলিশকে অবহিত করেন। বিয়ানীবাজার থানা পুলিশ কবিরের খালাতো ভাই মুমিত আল মাহমুদকে আটকও করে। কিন্তু খালেদ উদ্ধার হয়নি।