জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

মানুষের সেবায় এগিয়ে আসাই মানুষের প্রকৃত ধর্ম বাংলা প্রথমপত্র মোঃ সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা প্রার্থী প্রশ্ন: ১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও: রাকিব একজন উদীয়মান ব্যবসায়ী। এবারের শীতের ছুটিতে দেশের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করল সে। কিন্তু বিমানবন্দরে টিকিট কাটতে যাওয়ার পথে সে দেখল রাস্তার পাশে অসংখ্য মানুষ শীতে কষ্ট পাচ্ছে। এ দৃশ্যটি তার বেড়াতে যাওয়ার উত্সাহকে দমিয়ে ফেলল। সে তার পরিকল্পনা বদলে তথ্যচিত্র বানানোর উদ্যোগ নিল। আর এ উদ্যোগকে সাধুবাদ জানাল পরিচিতজনরা। (ক) ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? (খ) কবি সূর্যের কাছে উত্তাপ ও আলো চেয়েছেন কেন? (গ) উদ্দীপকের রাকিব এর দেখা দৃশ্যের সাথে ‘প্রার্থী’ কবিতাটি কীভাবে সম্পর্কিত? তুলনামূলক আলোচনা কর। (ঘ) কবির চিন্তা উদ্দীপকের রাকিবের পরিবর্তিত পরিকল্পনা ও লক্ষ্যের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে — মূল্যায়ন করো। উত্তর:(ক) ‘প্রার্থী’ কবিতাটি ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। (খ) কবি দরিদ্র মানুষের প্রতি সহানুভূতি অনুভব করে সূর্যের কাছে উত্তাপ আর আলো চেয়েছেন। শীতের দিনে দরিদ্র শ্রেণির মানুষের অনেক কষ্ট করে রাত পার হয়। শীতের হাত থেকে বাঁচার জন্য এ মানুষেরা সারা রাত ধরে সূর্যের উত্তাপের জন্য অপেক্ষা করে। কবি সেই সব মানুষদের কষ্ট অনুধাবন করে তাদের জন্য সূর্যের উত্তাপ ও আলো প্রার্থনা করেছেন। (গ) ‘প্রার্থী’ কবিতার শীতার্ত মানুষের কষ্টের যে চিত্র প্রকাশিত হয়েছে তা উদ্দীপকের রাকিবের দেখা দৃশ্যের সাথে মিলে যায়। সমাজের নিচুতলার মানুষদের শীতের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যথেষ্ট শীতবস্ত্র থাকে না। ফলে তীব্র শীতে তাদের খুব কষ্ট পেতে হয়। এই বিষয়টিই উদ্দীপকের রাকিবের চোখে ধরা পড়েছে, যা ‘প্রার্থী’ কবিতায়ও প্রকাশ পেয়েছে। সুকান্ত ভট্টাচার্য রচিত ‘প্রার্থী’ কবিতায় কবি প্রচন্ড শীতে জর্জরিত দরিদ্র ও অবহেলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছেন। উদ্দীপকের রাকিবও রাস্তার পাশের শীতার্ত মানুষের দুর্ভোগ দেখে ব্যথিত হয়েছে। শীতের কারণে সহায় সম্বলহীন মানুষদের অসহায়ত্বেই সমধর্মী চিত্রটি প্রকাশিত হয়েছে উদ্দীপক এবং ‘প্রার্থী’ কবিতায়। (ঘ) উদ্দীপকের রাকিবের পরিবর্তিত পরিকল্পনা ও লক্ষ্যই ‘প্রার্থী’ কবিতায় প্রকাশিত যা কবির মূল চেতনার বহিঃপ্রকাশ। মানুষের সেবায় এগিয়ে আসাই মানুষের প্রকৃত ধর্ম। আর এক্ষেত্রে অগ্রাধিকার পাবার যোগ্য সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষেরা। এই শ্রেণির মানুষদের প্রতি গভীর মমতা অনুভব করেছেন ‘প্রার্থী’ কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য এবং উদ্দীপকের রাকিব। উদ্দীপকের রাকিব দেশের বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রাস্তার পাশে দরিদ্র মানুষদের তীব্র শীত কাতরাতে দেখে। তাদের দুর্ভোগ রাকিবের মনোজগতে আলোড়ন সৃষ্টি করে এবং রাকিব এই মানুষদের জন্য কিছু করার তাগিদ অনুভব করে তার পরিকল্পনার পরিবর্তন ঘটায়। ‘প্রার্থী’ কবিতার কবিও দরিদ্র মানুষের শীতের কষ্টে অনুভূতিপ্রবণ হয়েছেন। অবহেলিত ও মানুষদের দুঃখ যেন চিরতরে ঘুচে যায় এই তার বাসনা। কবিতায় কবি অবহেলিত ও বঞ্চিত মানুষদের প্রতি শীতের উত্তাপ ও আলো প্রার্থনা করেছেন। তাঁর এ অনুভূতি নিচু তলার মানুষদের প্রতি তাঁর গভীর মমতারই আভাস দেয়। উদ্দীপকের রাকিব দরিদ্র শীতার্ত মানুষের কষ্ট নিয়ে তথ্যচিত্র বানানোর পরিকল্পনা করে। ছুটি কাটাতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে এই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গরিব মানুষদের প্রতি রাকিবের সহানুভূতি প্রকাশেরই প্রমাণ পাওয়া যায়। রাকিবের তথ্য চিত্রের লক্ষ্য দরিদ্র মানুষের কষ্ট বিমোচন, যা ‘প্রার্থী’ কবিতায় প্রকাশিত কবির চেতনার অনুরূপ।