আবারও গানের ছন্দে লাকী আখন্দ

দীর্ঘদিন ধরে নিজের অভিমান, ব্যক্তিগত ঝামেলাসহ একাধিক কারনেই গান থেকে কিছুটা বিরতই ছিলেন। অবশেষে আবারও গানের ছন্দে ফিরলেন এই কিংবদন্তী। যেখানে সীমান্ত তোমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘মামনিয়া’, ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘আগে যদি জানতাম’, ‘হূদয় আমার’- এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা লাকী আখন্দ। এখন আর নিয়মিত কাজ করেন না তিনি। তবে এ ঈদে নতুন নতুন গান নিয়ে ফিরেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। এর মধ্যে রয়েছে মিশ্র অ্যালবাম ‘গান বন্ধু’। ২৪ জুলাই বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এর মোড়ক খোলা হয়। এতে লাকী আখন্দের পাশাপাশি গেয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও নিপো। এতে গান রয়েছে মোট ১০টি। সব গান লিখেছেন গোলাম মোর্শেদ। লাকী আখন্দের পাশাপাশি সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা ও নিপো। এ অ্যালবামের পাশাপাশি আসিফ আকবরের ‘জান রে’ নামের নতুন একক অ্যালবামে লাকী আখন্দের সুর করা একটি গান রয়েছে। এর শিরোনাম ‘মস্ত বড় ভুল’।