থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে নিহত ১০

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইয়ালাতে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরো অনেকে। ইয়ালার গভর্নর ডেজরাট সিমসিরি বলেন, দশ মিনিটের ব্যবধানে বাণিজ্যিক শহর ইয়ালাতে বোমাগুলো বিস্ফোরিত হয়। বোমা তিনটির মধ্যে দুইটি মোটর সাইকেলে লুকানো ছিল এবং তৃতীয়টি একটি গাড়িতে ছিলো। সন্দেহজনক মুসলিম বিদ্রোহীরা এই বিস্ফোরণের জন্য দায়ী হলেও কোন দল এটি ঘটিয়েছে আমরা তা নিশ্চিত নই। তবে তাদের খুঁজে বের করা হবে। থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, পার্শ্ববর্তী প্রদেশ পাত্তানিতে অন্য একটি মোটর সাইকেল হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশে ২০০৪ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বোমা বিস্ফোরণ এবং গুলি করে মানুষ হত্যার বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠে। মুসলিম অধ্যুষিত নারাথিয়াত, ইয়ালা এবং পাত্তানি প্রদেশে বিভিন্ন সময়ের সংঘর্ষে চার হাজার তিনশ’র বেশি মানুষ নিহত হয়েছে। বিদ্রোহীদের মোকাবেলায় ২০১১ সালে ঐ এলাকায় ৬০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়।