সোনালী ব্যাংকের আইটি গ্রেড

আপত্তির পরেও একীভূত হচ্ছে

আইটি কর্মকর্তাদের (অপারেশন ম্যানেজার এবং এসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার) জেনারেল গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে একীভূত করছে সোনালী ব্যাংক। আজ রবিবার ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে আপত্তি জানিয়েছে জেনারেল গ্রেডের কর্মকর্তারা। তারা বলছেন, এটি করা হলে আইটি কর্মকর্তারা তাদের চেয়ে কম যোগ্যতাসম্পন্ন হওয়ার পরও বেশি সুবিধা পাবেন এবং জেনারেল গ্রেডের কর্মকর্তারা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হবেন। জেনারেল গ্রেডের কর্মকর্তারা বলছেন, যে প্রক্রিয়ায় অফিসার (আইটি) ও সিনিয়র অফিসার (আইটি) গ্রেডের নিয়োগ প্রক্রিয়া ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৮ ও ২০০০ সালে সরাসরি অফিসার বা সিনিয়র অফিসার হিসেবে নিযুক্ত কর্মকর্তাদের চেয়ে আলাদা। অন্যদিকে সাধারণ গ্রেডের কর্মকর্তাদের স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিপ্লোমা করতে হয়। যা পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আইটি কর্মকর্তাদের পদোন্নতিতে তার প্রয়োজন হয় না। অন্যদিকে ২০০৪ সালে নিয়োগ পাওয়া আইটি কর্মকর্তারা দুটি পদোন্নতি পেয়ে অপারেশন ম্যানেজার (সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সমমানের) হলেও সাধারণ গ্রেডের কর্মকর্তারা এ সময়ে সিনিয়র এক্সিকিউটিভ হতে পারেননি। এসব কারণে আপত্তি তুলেছেন তারা। যদি একীভূত করা হয় তাহলে আইটি কর্মকর্তাদের এজিএম পদে পদোন্নতির ক্ষেত্রে চাকরির বয়স কমপক্ষে ১৫ বছর এবং ডিজিএম পদে পদোন্নতির ক্ষেত্রে চাকরির বয়স ১৮ বছর করার শর্ত দেয়ার দাবি জানিয়েছেন জেনারেল গ্রেডের কর্মকর্তারা। একইসঙ্গে আইটি কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বিধান রাখার দাবি করেছেন তারা। প্রসঙ্গত, সোনালী ব্যাংকে অপারেশন ম্যানেজার পদে ৩৯ জন এবং এসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার পদে ৮০ জন কর্মকর্তা রয়েছেন। এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্ত বলেন, একীভূত করার বিষয়টি মোটামুটি নিশ্চিত। এজন্য জেনারেল গ্রেডের কর্মকর্তাদের দাবিও মানা হয়েছে। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও আগেই তাদেরকে একীভূত করা হয়েছে বলে জানান তিনি।