পুরনো ঠিকানায় সিজার

বিশ্বকাপটা তার জন্য ছিল ভুলে যাওয়ার এক অধ্যায়। গোটা বিশ্বকাপে তার দল ব্রাজিলকেই যে হজম করতে হয়েছে সর্বোচ্চ ১৪টি গোল। আর গোলরক্ষক হিসেবে হুলিও সিজারকেই দায়টা বেশ নিতে হচ্ছে। এতো কিছুর পরও তার উপরই আস্থা রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্স। টরেন্টো এফসি থেকে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়কে ফিরিয়ে আনতে যাচ্ছে তারা। গত ফেব্রুয়ারিতে ধারে তিনি খেলতে আসেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের টরেন্টো এফসিতে। ক্লাবটির হয়ে সাত ম্যাচ খেলার পরই আবারও তিনি ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডে। টরেন্টো এফসির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিলের গোলরক্ষক ফিরতে যাচ্ছেন কুইন্স পার্ক রেঞ্জার্সে। টরেন্টো এফসির সাথে তার ধারের মেয়াদ শেষ হয়ে গেছে।’ দলটির ব্যবস্থাপনা পরিচালক টিম বেজব্যাচেনকো সিজারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সিজারকে পাওয়া আমাদের জন্য ছিল সৌভাগ্যের ব্যাপার। এর জন্য আমি ক্লাবের পক্ষ থেকে কিউপিআরকে ধন্যবাদ জানাতে চাই। সিজারকেও ধন্যবাদ জানাতে চাই ক্লাবের হয়ে অবদান রাখার জন্য।’