ইউনাইটেডের নেতৃত্ব চান ওয়েন রুনি!

সামপ্রতিক সময়ের ফলাফল বিবেচনা করলে, বলা যায় যে খুব ভাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দশা কাটাতে বড় ধরনের পরিবর্তন এর মধ্যেই হয়ে গেছে রেড ডেভিল দলের। নতুন কোচ লুইস ফন গালের অধীনে এবারের মৌসুমে শিরোপা পুনরুদ্ধারে বেশ জোড় প্রস্তুতিই শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গুজব আছে ওয়েন রুনি হাতে উঠতে পারে অধিনায়কের আর্ম ব্যান্ড। রুনি নিজেও নতুন এই দায়িত্ব নিতে প্রস্তুত। দলকে নেতৃত্ব দেবার আগ্রহ প্রকাশ করেছেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে এ ব্যাপারে তিনি ফন গালের সিদ্ধান্তকেই মেনে নিবেন বলে জানিয়েছেন। যদিও এবারের মৌসুমে অধিনায়কের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। বিশ্বকাপে নেদারল্যান্ডকে নেতৃত্ব দেয়া এই তারকার হাতেই উঠতে পারে ইউনাইটেডের আর্ম ব্যান্ড। স্বদেশী ফন গালের তার প্রতি আস্থাও রয়েছে। যদিও বৃহস্পতিবার এলএ গ্যালাক্সির বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ৭-০ গোলে জয়ী দলটিকে নেতৃত্ব দিয়েছেন ড্যারেন ফ্লেচার। গত মৌসুমে সাত নম্বরে থেকে লীগ শেষ করা ইউনাইটেড এবার সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসবে বলে রুনি আত্মবিশ্বাসী। একইসাথে তিনি বিশ্বাস করেন ফন গালের অধীনে ম্যান ইউ শিরোপা ফিরে পাবে। আর তাই নতুন কোচের অধীনে তিনি দলকে নেতৃত্ব দেবার আশা প্রকাশ করেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, অবশ্যই আমরা শিরোপা জেতার জন্যই এবার মাঠে নামবো। গত মৌসুমটা আমাদের জন্য মোটেই ভাল যায়নি। আমরা সবাই সেটা বুঝতে পেরেছি। কিন্তু আমরা শিরোপা জেতার জন্য আত্মবিশ্বাসী। একইসাথে আমি অধিনায়কত্ব নিয়েও চিন্তা করছি। কিন্তু এখানে ম্যানেজারের সিদ্ধান্তই চূড়ান্ত। সে আমাদের সাথে কাজ করার পরেই অধিনায়ক নির্বাচন করবেন। আমি মনে করি এই ব্যাপারে তিনি সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবেন। ফন গাল তার প্রথম ম্যাচেই ৩-৪-১-২ ফর্মেশনে ইউনাইটেডকে খেলানোর চেষ্টা করেছেন। রুনি বলেছেন, নতুন কোচের নতুন কৌশল ইতোমধ্যেই অনুশীলনে প্রয়োগ শুরু হয়েছে। অনুশীলনে ফন গালকে দারুণ একজন ব্যক্তি হিসেবেও রুনি আখ্যা দিয়েছেন। নতুন কৌশল প্রয়োগের পরে কিভাবে এটাকে উপভোগ্য করে তোলা যায় সেটা সে জানে। ব্রাজিলে হল্যান্ডের খেলা আমি দেখেছি এবং বাড়ি ফিরে আমি সেভাবে করার চেষ্টা করেছি। সে খুবই সত্ একজন মানুষ। কেউ যদি অনুশীলনে ভাল না করে তবে সে সেটা যেমন বলে দেয় তেমনি ভাল করলে প্রশংসা করতে দেরী করেন না। বাসস/ওয়েবসাইট