কুককে ঘুরে দাঁড়ানোর আহ্বান পিটারসেনের
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২১:১৯
খেলোয়াড়ি জীবনে অ্যালিস্টার কুকের সঙ্গে সম্পর্কটা মোটেই ভাল ছিল না কেভিন পিটারসেনের। তবে কুকের দু:সময়ে তাকে অনুপ্রেরণাই যোগালেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত নিজের কলামে পিটারসেন লিখেছেন, অধিনায়ক এবং ব্যক্তিগত ফর্ম নিয়ে তুমুল সমালোচনার মধ্যে থাকা কুকের উচিত্ মাঠে পাল্টা আঘাত করা। মানসিক সক্ষমতা, শারীরিক সামর্থ্য এবং কৌশল বিচারে কুকের সেই সামর্থ্য আছে বলেও মন্তব্য করেছেন কেপি।
পিটারসেন বলেন, ‘সে ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার একজন খেলোয়াড় যে শারীরিকভাবে খুবই শক্তিশালী। তার উচিত্ ম্যাথিউ হেইডেনের মতো ব্যাটিং করা। সে ক্রিজে দাঁড়িয়ে থাকবে এবং বোলাররা তার দিকে একের পর এক হাফ ভলি বল ছুঁড়বে এবং এক সময় সে আউট হয়ে যাবে, এমনটা সে কেন হতে দেবে? তার মতো শারীরিক গড়ন, দক্ষতা, ক্ষমতা এবং দৃষ্টিশক্তির অধিকারী একজন খেলোয়াড় যতক্ষণ এমন বল পাবে ততক্ষণই সেগুলো বাউন্ডারির বাইরে পাঠাবে।’
সর্বশেষ নয়টি টেস্টের সাতটিতেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। দলের এই বাজে পারফরম্যান্সই কুককে ব্যক্তিগত পারফরম্যান্সকে আরো বেশি সমস্যার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন পিটারসেন।
এই মুহূর্তে তাই ব্যক্তিগত ব্যর্থতার চাইতে দলের ব্যর্থতাই বেশি ভোগাচ্ছে কুককে, ‘কুকের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তার দল পরিচালনা কৌশলের ঘাটতি। তার ব্যাটিং নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। সে জানে কিভাবে এই সমস্যাটি মোকাবেলা করতে হয়। কিন্তু অধিনায়কত্বের বিষয়টি ভিন্ন। তার উপর ডান হাত ম্যাট প্রিয়রকেও হারিয়েছে সে। কুকের প্রয়োজন আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে ভাল জ্ঞান আছে এমন কিছু লোক। কিন্তু পিটার মুরস কিংবা পল ফারব্রেসের সেটা নেই।’
ব্যাটিং পরিস্থিতির উন্নতির জন্যও ইংল্যান্ডের বাইরের কারো কাছে কুককে সাহায্য চাওয়ার পরামর্শ দিলেন কেপি। আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিলেও এখনও বিভিন্ন ক্লাবের হয়ে টি-টোয়েন্টি খেলে যাওয়া এই দীর্ঘদেহী তারকা বলেন, ‘সে হয়তো আরো দশ বছর খেলবে। কিন্তু এই মুহূর্তে তার দ্রুত সাহায্য প্রয়োজন। এবং সেটা হতে হবে ইংল্যান্ডের বাইরের কারো কাছ থেকে। বাহাতি স্পিনারদের খেলতে আমারও সমস্যা হত। আমি স্পিনের বিরুদ্ধে বিশ্বসেরা কিছু ভারতীয় খেলোয়াড়ের কাছ থেকে পরামর্শ নিয়েছি। তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছি। ফোনে কিংবা ইমেইলে কথা বলেছি।’
দেখাই যাক পিটারসেনের পরামর্শে ঘুরে দাঁড়াতে পারেন কিনা কুক!