ছিনতাইকরা ট্রাকসহ দুইজন গ্রেফতার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২১:৩৬
গত শুক্রবার গভীর রাতে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে সয়াবিন তেল ভর্তি ট্রাক ও চালককে উদ্ধার করেছে ভাঙ্গা পুলিশ। ড্রাইভারকে মুমুর্ষ অবস্থায় ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে সয়াবিন তেল নিয়ে ট্রাকটি বরিশাল যাচ্ছিল। ট্রাক চালক লোভের বশবর্তী হয়ে কাওড়াকান্দি ঘাট থেকে ২ জন যাত্রী ট্রাকে ওঠায়। পথিমধ্যে ওই যাত্রীবেশে ট্রাকে ওঠা আঃ হালিম (২২) ও জামিনুর (২১) ড্রাইভার আশরাফ আলীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়।
এরপর অজ্ঞান ট্রাক ড্রাইভারকে ভাঙ্গা ব্র্যাক অফিসের সামনে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় টহল পুলিশের সদস্যরা বিষয়টি টের পেয়ে ট্রাকটিকে ধাওয়া করে। ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে ট্রাকটি আটক করে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেফতার করে। তাদের বাড়ি খুলনায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ড্রাইভার আশরাফ আলী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ছিনতাই মামলা করেছেন।