সুন্দরবনে আঠার জেলে অপহূত
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২১:৩৭
মুক্তিপণের দাবি
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১৮ কাঁকড়া জেলেকে অপহরণ করেছে বনদস্যু আলআমিন বাহিনী। বৃহস্পতিবার সুন্দরবনের মালঞ্চ নদী সংলগ্ন ধানীবুনি খালের মুখে কাঁকড়া ধরার সময় জেলেদের অপহরণ করা হয়। অপহূত জেলেরা হলো, সাতক্ষীরা শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নের দতিন্দ্রনগর গ্রামের সুজন উদ্দীনের ছেলে হাসান আলী (৩৫) একই গ্রামের আজিম মোল্লার ছেলে মোশরাফ (২২), মীরগাং গ্রামের সোবহানের ছেলে আজিজ (২৫) কেওড়াতলী গ্রামের শহিদুল্যার ছেলে আজম (৪০) এবং বড় ভেটখালি গ্রামের সবেদালীর ছেলে শমসের (২৮)। তবে বাকি অপহূতদের নাম জানা সম্ভব হয়নি। পার্শ্বেখালি গ্রামের সমাজ সেবক হাজী আব্দুর রহমান জেলেদের বরাত দিয়ে জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনের মালঞ্চ নদী সংলগ্ন ধানীবুনি খালে কাঁকড়া ধরছিল। অপহূত জেলে হাসান মোবাইল ফোনে তার পরিবারকে জানায়, এক সপ্তাহের মধ্যে আলআমিন বাহিনীর দাবিকৃত টাকা না দিলে তাদের হত্যা করা হবে।