খালিয়াজুরীতে যুবলীগের সংঘর্ষ

নেত্রকোনা প্রতিনিধি খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে গত শুক্রবার বিকালে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি কৃষ্ণপুর কলেজের প্রভাষক মনিরুজ্জামান সরকার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, সোহাগ মিয়া, সোহেল, শরীফ ও আলমগীর। গুরুতর আহত সোহাগ ও সোহেলকে খালিয়াজুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন যাবত্ কৃষ্ণপুর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে ইউনিয়ন যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী সোহাগ মিয়ার সঙ্গে খালিয়াজুরী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামছুল হকের মতবিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকালে মুসলিমপুর বেড়িবাঁধ এলাকায় অঙ্কুর কিন্ডার গার্টেনে আলোচনা সভা চলার সময় বর্তমান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামছুল হক, ছাত্রলীগ কর্মী হিমেলসহ যুবলীগ কর্মী সোহেলের নেতৃত্বে ২৫/৩০ জন লাঠিসোঁটা নিয়ে সভায় হামলা চালায়।