কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা কম দেয়ার অভিযোগ

গাজীপুর কালীগঞ্জে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত নতুন মুক্তিযোদ্ধাদের নামে ভাতার আংশিক টাকা থানা কমান্ডার আত্মসাত্ করেছে বলে অভিযোগ উঠেছে। কালীগঞ্জ উপজেলায় ৬৬ জন নতুন মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রত্যেকের নামে ৫১ হাজার টাকা করে ভাতা বরাদ্দ হয়। বৃহস্পতিবার থানা কমান্ডার মোঃ মোস্তফা মিয়া ৩৮ জন মুক্তিযোদ্ধার নিকট থেকে চেক নিয়ে সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষের নিকট থেকে তিনি ১৯ লাখ ৩৮ হাজার টাকা গ্রহণ করেন। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণকালে কমান্ডার মোস্তফা প্রত্যেকের নিকট থেকে ১০ হাজার টাকা করে রেখে ৪১ হাজার টাকা প্রদান করে তিনি মোট ৩ লাখ ৮০ হাজার টাকা কম দেন। বক্তারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসমত জানান, তার ইউনিয়নের ৪/৫ জন নতুন মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পেয়েছে। তাদের প্রত্যেকের নিকট থেকে কমান্ডার মোস্তফা ১০ হাজার করে কেটে রাখেন। নতুন মুক্তিযোদ্ধার ভাতার তালিকায় অন্তর্ভুক্তি নাগরী ইউনিয়নের পাড়াবর্তা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, আমাকেও ৫১ হাজার টাকার মধ্যে ৪১ হাজার প্রদান করেন কমান্ডার মোস্তফা। এ ব্যাপারে থানা কমান্ডার মোস্তফা জানান, মন্ত্রণালয়ে দৌড়-ঝাঁপ করে নতুন মুক্তিযোদ্ধাদের নামে ভাতা বরাদ্দ করাতে অনেক টাকা খরচ করতে হয়েছে। তাই প্রত্যেক মুক্তিযোদ্ধা খরচ বাবদ আমাকে খুশি হয়ে কিছু টাকা দিয়েছে।