না’গঞ্জে ২০ পথশিশুকে আজ ঈদের জামা দেবে কারুকুঞ্জ
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২২:০৩
পবিত্র ঈদুল ফিতরের বাকী আর মাত্র দুইদিন। ঈদের দিন নতুন জামা পরতে পারবে কিনা সে নিশ্চয়তা ছিলনা ওদের। রাস্তায় রাস্তায় ঘুরে জনে জনে হাত পেতে দুইবেলা খাবার জোটানোই যেখানে কষ্টের ব্যাপার সেখানে নতুন জামাতো আকাশ কুসুম কল্পনা। তবে সেরকম ২০ জন পথশিশুর জন্য ঈদের জামা তৈরি করছে কারুকুঞ্জ। আজ রবিবার তাদের হাতে নতুন জামা তুলে দেবেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম।
গাউছুল আজম জানান, সম্প্রতি শহরের চাঁদমারী বস্তি এলাকা থেকে ২০ জন পথশিশু, যাদের বাবা নেই তাদেরকে সদর উপজেলায় প্রতিষ্ঠিত হস্তশিল্পীদের প্রতিষ্ঠান কারুকুঞ্জে নিয়ে যাই। পরে কারুকুঞ্জের তিনজন প্রশিক্ষক সাবিরা সুলতানা নীলা, সামিয়া আক্তার সুস্মিতা ও ফেরদৌসী মোর্শেদার তত্ত্বাবধানে ওই পথশিশুদের গায়ের মাপ নেয়া হয়। ইতিমধ্যে পথশিশুদের জন্য জামা তৈরির কাজ শেষ পর্যায়ে। রবিবার তাদের হাতে ঈদের নতুন জামা তুলে দেয়া হবে।