টঙ্গীতে পোশাক কর্মী গণধর্ষণের শিকার

টঙ্গীর দেওড়াস্থ কাঁঠালদিয়া এলাকায় এক নারী পোশাক শ্রমিক (১৯) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে। থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে হামিম গ্রুপের সিসিয়েল কারখানার ওই নারী কর্মী ছুটির পর বাসায় ফেরার পথে তুরাগ নদের তীরে তিন বখাটের খপ্পরে পড়েন। এ সময় কাঁঠালদিয়া এলাকার ইমান আলীর বখাটে ছেলে রুবেলসহ (৩১) অজ্ঞাতনামা আরো দুই যুবক তাকে জোরপূর্বক ধরে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার আর্তচিত্কারে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।