সুবর্ণা মুস্তাফার ‘ভোরের ট্রেন’

মাসুম শাহরিয়ারের রচনায় ‘ভোরের ট্রেন’ টেলিফিল্মে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শারমিন আঁখি প্রমুখ। এটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

নদীর ধারে একটা মফস্বল শহর। বৃদ্ধা মাকে নিয়ে তিন ভাইয়ের যৌথ পরিবার। তিন ভাইয়ের স্ত্রী ছেলেমেয়ে নিয়ে ৮ জন এবং দু’জন কাজের সহকারী। বড় ভাই আমজাদ সাহেব বাড়ির প্রধান। বাড়ির সবাই তাঁকে ভয় পায়। ছোট ভাই আদনান দু-বছর হলো বিয়ে করেছে, তাঁর স্ত্রী রূপা কনসিভ করেছে। রূপার বয়স আঠারো-উনিশ। আর এই পরিবারের মেজোভাই আলতাফ ৫ বছর আগে হঠাত্ করে মারা যায়। আলাফের স্ত্রী শাহনা এবং মেয়ে জয়া এ বাড়িতেই থাকে। জয়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা যেদিন শেষ হয় তার পরদিনই কোনো এক পাত্রপক্ষ জয়াকে দেখতে আসে। জয়া বাধ্য হয়ে সেজেগুঁজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসে। আমজাদ সাহেবের কথার ওপর এ বাড়ির কেউ কথা বলে না। জয়া তাঁর মার কাছে কান্নাকাটি করে। শাহানা তাঁর ভাসুরকে ভয়ে ভয়ে বলে, এখন বিয়ে কী দরকার? আমজাদ সাহেব ধমক দেন। আমজাদ সাহেব বলেন পাত্র পছন্দ না হলে বলো আমি আরো পাত্র সন্ধান করবো। কিন্তু এ বাড়ির মেয়েদের এই বয়সেই বিয়ে হবে।