উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলন করতে চায় : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি ঈদের পরে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তিনি বলেন, বিএনপি ঈদের পরে আন্দোলনের হুংকার দিয়ে জনগণের কষ্ট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তারা জ্বালাও, পোড়াও ও হত্যার রাজনীতিকে উসকে দেবার পাঁয়তারা করছে। অপরদিকে ঈদের পর সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৬ হাজারেরও বেশি চিকিত্সক নিয়োগ দিবে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে জামালপুর জেলা স্বাধীনতা চিকিত্সক পরিষদ আয়োজিত স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও সুধীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। এর আগে মন্ত্রী জামালপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল হাসপাতাল ও কলেজ চালু করার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসসহ জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিত্সা সেবার মান ও রোগীদের খোঁজ খবর নেন। জামালপুর জেলা স্বাচিপের সভাপতি ডাক্তার আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য ফরিদুল হক খান, সংসদ সদস্য মাহাজাবিন মোশারফ বেবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।