ফেরত টিকিটের জন্য রংপুরে হাহাকার
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২২:৩৭
ছুটি শেষে কর্মস্থলে ফিরে যেতে বাস-ট্রেনের টিকিটের জন্য মরিয়া হয়ে ছুটছে রংপুর অঞ্চলের মানুষ। কিন্তু কোথাও নেই কোন আসন। গত বৃহস্পতিবার থেকে ঈদ পরবর্তী টিকেট বিক্রি শুরু করেছে বাস কাউন্টারগুলো। আর আজ রবিবার থেকে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। তবে এবারও চাহিদা মোতাবেক টিকেট না পাওয়ায় বিপাকে পড়তে যাচ্ছে ঈদ ফেরত মানুষজন।
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে এ অঞ্চলের লাখ লাখ মানুষ। বৃহস্পতিবার থেকেই বাড়ি ফেরা শুরু করেছে অধিকাংশ কর্মজীবী মানুষ। ছুটির তারতম্য হলেও ০৩ আগস্ট থেকে সব অফিস আদালত খুলবে। লম্বা এই ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে ছুটে যাবেন কর্মজীবী লোকজন। যারা ছুটিতে আসছেন তাদের জন্য ফিরতি টিকেট পেতে আত্মীয়-স্বজনরা বাস কাউন্টারগুলোতে ভিড় করছে। কিন্তু টিকিট নেই। গতকাল শনিবার বাস কাউন্টারগুলোতে বিক্রি হয়েছে ৭ ও ৮ আগস্টের টিকেট। কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন না থাকলেও নিমিষের মধ্যেই হাওয়া হয়েগেছে টিকেট। এছাড়া ১ থেকে ৪ তারিখের টিকেট কেউ খুঁজেই পাচ্ছে না। শুধু নেই আর নেই। অভিযোগ উঠেছে, এবারও একটি সিন্ডিকেট টিকিট নিয়ন্ত্রণ করছে। কাউন্টার ম্যানেজাররা ওই সিন্ডিকেটের হোতা হিসেবে কাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্টার ম্যানেজার বলেন, আমরা কিছু আসন হাতে রাখি পরিচিতদের জন্য। কালোবাজারি সম্পর্কে তিনি বলেন, কেউ টিকিট কিনে চড়া দামে বিক্রি করলে সেটা আমাদের দেখার বিষয় নয়। তা দেখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।