ঈদে শফি মণ্ডল ও শফিক তুহিনের ফোক ফিউশন

ঈদকে কেন্দ্র করে এবার রিলিজ পাচ্ছে অনেকগুলো নতুন গান। বলা যায়, এবার ঈদে সঙ্গীতের অবস্থা গত কয়েক বছরের চেয়ে ভালো। ঈদ উপলক্ষে গান বাংলা থেকে প্রকাশ পেতে যাচ্ছে বাউল শফি মণ্ডল ও শফিক তুহিনের ফোক ফিউশন ‘বৈরাগী’। গানের কথা লিখেছেন বৈরাগী বকুল ও সুর করেছেন শফিক তুহিন। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটিতে একতারা, ব্যাঞ্জো, স্যাক্সোফোন, গিটারসহ অন্যান্য যন্ত্রের ব্যবহার করা হয়েছে। ভিন্নমাত্রার গানটির ভিন্নধর্মী একটি ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছে ওয়ান মোর জিরো টিম। গান বাংলাসহ ভিডিওটি ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে এবার ঈদে। গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘বেশ ভালো একটি কাজ হয়েছে। ঈদে সাধারণ শ্রোতারা ভিন্ন ধরনের কাজগুলো দেখতে চায়। এটি তেমনই একটি কাজ। সবার ভালো লাগবে আশা করি।’