অসীম পুরুষ
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ১৫:৩২
হয়তো বা রেঁধেছিলে লেজার ফলার মতো শিঙমাছ
গরুভুনা মুগডাল খুলে খুলে বারবার দেখেছিলে
আধো খাওয়া হুইস্কির জড়ুল বোতল। সে তখন
স্মৃতির স্ট্যাচু হয়ে ফিরছিল পৃথিবীর সমস্ত কিনার
পথিমধ্যে ঈশ্বরও অবাক — একবারও ফেরাল না মুখ
ফেরালেও জোড়হাত কুর্নিশে ঘটে যেত ভুল উচ্চারণ।
প্রজাপতি রং ঢেলে আপনারে করে না নিঃশেষ
শয্যার ফুলদল কেঁদে ফেরে জোয়ারের বিপরীত জলে
কখনো মানুষ বুঝি বাবুই পাখির বাসা কাঁধে নিয়ে
হয়ে ওঠে তালবৃক্ষের মতো কাব্যহীন অসীম পুরুষ।