দুঃখের সংগীত

যে শিশুটা পায় না খাবার পায় না জামা-জুতো, যে শিশুটা পথের ধারে খাচ্ছে কেবল গুঁতো —আহা! যে শিশুটা দাঁড়িয়ে থাকে শপিং মলের গেটে, দুপুরবেলা ভাত জোটেনি পাথর বেঁধে পেটে —আহা! যে শিশুটার আত্মীয় নেই মা মরেছে শীতে, ঈদ কি আসে তার জন্যে দুঃখের সংগীতে? —আহা! যে শিশুটার পাঞ্জাবি নাই যায় না সে মসজিদে, যে শিশুটা ক্ষুধায় কাতর কী করবে সে ঈদে? —আহা! ঈদ আসে কার জন্যে আহা! কোথায় ঈদের খুশি, ঈদের দিনে আমরা গরিব শুকনো আঙুল চুষি।