নাজিরপুরে জনতার হাতে পাঁচ ডাকাত আটক
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:২৩
পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামে গত শনিবার গভীর রাতে ডাকাতিকালে যুবলীগ কর্মীসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
আলহাজ্ব সেরজান শেখ রাত সোয়া ২টায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হতে দরজা খুললে ৫/৬ জনের একটি ডাকাত দল তার ঘরে ঢোকে। এরপর তাকে ও তার স্ত্রী শিউলী বেগমকে হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় তাদের চিত্কারে গ্রামবাসীরা এগিয়ে এসে ধাওয়া করে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে গণধোলাই দেয়।
আটককৃত ডাকাতরা হচ্ছে, পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী গ্রামের আফজাল হোসেনের দুই ছেলে এনায়েত (২৯) ও শহীদুল (২৫), এমদাদ শিকদারের ছেলে সোহেল (২৫), পিরোজপুর শহরের ধুপপাশা এলাকার মিন্টু শেখের ছেলে সুমন ওরফে শহীদুল (৩০) এবং নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের আনছার হাওলাদারের ছেলে যুবলীগ কর্মী মনির হাওলাদার (৩০)। নাজিরপুর থানার পুলিশ জনতার হাতে আটক পাঁচজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে।
উল্লাপাড়ায় ডাকাত গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়ার নেওয়ারগাছা গ্রামের পাশের একটি ফসলি মাঠ থেকে গত শনিবার রাতে পুলিশ ওয়ারেছ আলী নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, একদল ডাকাত ঘটনার রাতে উক্ত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ খবর পেয়ে তাদের ধাওয়া করলে ওয়ারেছ ধরা পড়ে। অপর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মামলা হয়েছে।