কান ধরে উঠ বস ও জরিমানা দিয়ে দায়মুক্ত হলো ডাকাত

ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর ছাগলনাইয়ায় এক ডাকাতকে ১০১ বার কান ধরে উঠ বস ও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে গ্রাম্য সালিশী বৈঠকের সালিশদারগণ। গত বৃহস্পতিবার ভোর রাতে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নদীরকূল গ্রামের সৌদী প্রবাসী কফিলউদ্দিনের ঘরে ডাকাতি হয়। ডাকাতরা কফিলউদ্দিনের মাতা বিবি হাওয়া ও স্ত্রী শামীমা নাসরিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকাসহ প্রায় পাঁচ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি চলাকালীন ডাকাত তৌহিদুল ইসলাম রঞ্জুর মুখোশ খুলে যাওয়ায় তাকে চিনে ফেলে প্রবাসীর মাতা বিবি হাওয়া ও স্ত্রী শামীমা। এ ব্যাপারে বিবি হাওয়া রনজুসহ অজ্ঞাত পরিচয় চারজন ডাকাতের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ডাকাত রনজুকে না পেয়ে তার পিতা মনির আহাম্মদকে আটক করে। ডাকাত তৌহিদুল ইসলাম রনজুর বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শনিবার বিকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নদীর কুল গ্রামের ঈদগাহ মাঠে এক সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাগলনাইয়া সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী ওমর ফারুক, পৌর কাউন্সিলর কে. এম সমর চৌধুরী, সামছুল হক ভূঞা, সাবেক কাউন্সিলর নুরুল আলম খান ও জয়নাল আবেদিনসহ প্রায় ৩শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। সালিশী বৈঠকে জিজ্ঞাসাবাদে ডাকাত রনজু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় এক পর্যায়ে সালিশদারগণ তাকে দোষী সাব্যস্ত করে ১০১ বার কান ধরে উঠ বস করায় ও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে।