প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন সর্বস্তরের মানুষের সঙ্গে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকায় ঈদ উদযাপন করবেন। ঈদের দিন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী নেতা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হবে। গতকাল রবিবার এক বাণীতে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতাসহ দলীয় শীর্ষ নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের বেশিরভাগ ঢাকায় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে। আবার মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যদের কেউ কেউ ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় যাবেন। শুভেচ্ছা বিনিময় করবেন নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে। তবে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রোজার মধ্যেই নিজ নিজ এলাকায় ইফতার মাহফিলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কাজ সেরে এসেছেন।