দুর্ঘটনা এড়াতে লোকালয়ের বাইরে চাই হাইওয়ে

বরিশাল জেলার উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে একটি বাস ঢুকে পড়ায় ১৭ জন নিহত হয়েছে। এভাবে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে— তা তো বন্ধ করা যাচ্ছে না। হাইওয়ের পাশে হাটবাজার, বাড়িঘর, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ, অফিস-আদালত দেশের প্রায় সর্বত্রই রয়েছে। হাইওয়ের পাশ থেকে লোকালয় কিংবা হাইওয়ে লোকালয়ের বাইরে যতদিন না নেওয়া হবে ততদিন পর্যন্ত দুর্ঘটনা এড়ানো যাবে না। দেশে কত রাস্তাঘাট হচ্ছে অথচ জেলা, উপজেলা, বন্দর, থানা, হাটবাজারের মধ্য দিয়ে হাইওয়ে থাকায় ১. যানবাহনকে যানজটে পড়তে হয়, ২. দুর্ঘটনার ঝুঁকি বেশি, ৩. নিয়ন্ত্রণ হারিয়ে বাস হয়তো দোকানপাট হয়ে বাড়িঘরে কিংবা কোনো প্রতিষ্ঠানে ঢুকে বড় দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই যে, শহরের বাইরে হাইওয়ে নির্মাণের পরে কোনো অবস্থায় সেখানে যেন এর দুই পাশে হাটবাজার, দোকানপাট, প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেদিকেও চাই কঠোর নজরদারি। লিয়াকত হোসেন খোকন, রূপনগর , ঢাকা ১২১৬