শ্রীলঙ্কার বাধা এখন প্রকৃতি
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২১:৪৫
শেষ ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসেই তারা স্পিনে ধসে পড়েছিল, দ্বিতীয় ইনিংসে বল আরও বেশি লাফাচ্ছে, বল আরও বেশি স্পিন করছে, শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরুই করেছেন দুই স্পিনার, তাদের জন্য রানটাও স্কোরবোর্ডে বেশ ভালো; সবকিছু শ্রীলঙ্কার অনুকূলে। তারপরও আজ স্বস্তি নিয়ে কলম্বো টেস্টের শেষ দিনটা শুরু করতে পারছে না। তাদের জয় ও দক্ষিণ আফ্রিকার মাঝে এখন আফ্রিকান ব্যাটসম্যানদের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
গতকাল নিজেদের লক্ষ্যমতোই দ্বিতীয় ইনিংসে ঝড়ো ব্যাটিং করে ৮ উইকেটে ২২৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় শ্রীলঙ্কা। ফলে দক্ষিণ আফ্রিকার জন্য এই টেস্ট জিতে সিরিজ জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। আর ড্র করতে হলে আফ্রিকানদের উইকেটে কাটাতে হবে প্রায় দেড় দিন। এ অবস্থায় বৃষ্টি ও আলোক স্বল্পতা দু’দফায় অনেকটা সময় খেয়ে নেয়ার পরও দক্ষিণ আফ্রিকা গতকালই বিপর্যয়ের গন্ধ পেতে শুরু করেছে। হেরাথ-পেরেরার জোড়া আক্রমণে গতকাল শেষ বিকেলে ৩৮ রান তুলতে তারা হারিয়ে ফেলেছে ১ উইকেট। আজ শেষ দিনে দক্ষিণ আফ্রিকার চাই ৩৩১ রান। আর লঙ্কানদের চাই ৯টি উইকেট। কোনো উইকেট না হারিয়ে ১১ রান, মানে ১৫০ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করা শ্রীলঙ্কার গতকাল লক্ষ্য ছিল সহজ—দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করা। সে লক্ষ্যে সফলই ছিল লঙ্কানরা। থারাঙ্গা ও কুশল শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। স্টেইন ও মরকেলের শিকার হয়ে এই দু’জন আউট হওয়ার পরপর ইমরান তাহিরের বলে কোনো রান না করে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জয়াবর্ধনেও আউট হয়ে যান। তবে এই বিপদ টের পেতে দেননি আগের ইনিংসে ‘গোল্ডেন ডাক’ পাওয়া সাঙ্গাকারা এবং সোনালী সময় কাটাতে থাকা ম্যাথুস। দু জনই ফিফটি তুলে নেন। সাঙ্গাকারা ৭২ রান করে মরকেলের বলেই আউট হয়ে ফেরেন।
এর পরপরই বৃষ্টি এসে ঘণ্টা খানেক খেলা বন্ধ রাখে। সকাল থেকে মেঘ করে থাকা আকাশ এই সময়ই শ্রীলঙ্কাকে প্রথম ভয়টা দেয় বৃষ্টির পর দ্রুত কিছু উইকেট হারিয়ে ২২৯ রানে ইনিংস ঘোষণা করে দেন ম্যাথুস। নিজে ৬৩ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকা ব্যাটিং শুরু করেই অস্বাভাবিক এক পরিস্থিতিতে। শ্রীলঙ্কা নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো দুই প্রান্তে স্পিন দিয়ে আক্রমণ শুরু করে। তৃতীয় বোলার হিসেবেও আসেন অজন্থা মেন্ডিস। এই তিন বোলার ১৭ ওভারেই আফ্রিকানদের বুঝিয়ে দিয়েছেন শেষ দিনে কী হতে যাচ্ছে।
অবশ্য দিনের খেলা আলোর অভাবে বেশ আগে শেষ হয়ে যাওয়ায় এবং আকাশ জোড়া মেঘ থাকায় স্পিনাররা শেষ হাসিটা হাসতে পারবেন কি না, বলা কঠিন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১২১.৪ ওভারে ৪২১/১০
এবং ২য় ইনিংস: ৫৩.৪ ওভারে ২২৯/৮ ডিকে (থারাঙ্গা ৩০, কুশল ২৬, সাঙ্গাকারা ৭২, জয়াবর্ধনে ০, ম্যাথুস ৬৩*, ভিতানাগে ৭, ডিকওয়ালা ১৬, দিলরুয়ান ৭, হেরাথ ৪; মরকেল ৪/৪৫, স্টেইন ২/৫৯, তাহির ২/৭৬)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৩৪ ওভারে ২৮২/১০
এবং ২য় ইনিংস: ১৭ ওভারে ৩৮/১ (পিটারসেন ০, এলগার ব্যাটিং ১৩, ডি কক ব্যাটিং ২১; হেরাথ ১/৭)