চান্দিনা ও সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

কুমিল্লার চান্দিনায় ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। চান্দিনায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। রবিবার বিকাল সোয়া ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান্দিনার কেরনখাল গ্রামের বিধূ ভূষন সরকারের ছেলে নারায়ণ চন্দ সরকার (৪৫), মৃত হূদয় চন্দ সরকারের ছেলে জলধর চন্দ সরকার, মৃত হালধর সরকারের ছেলে সন্তোস চন্দ সরকার (৬০)। নিহত সকলেই কাঠবোঝাই পিকআপ ভ্যানে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কেরনখার গ্রামের কাঠ মিস্ত্রি নারায়ণ সরকারসহ অন্যরা মাধাইয়া বাজার থেকে কাঠ কিনে পিকআপযোগে বাড়ি ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে পিকআপটি মহাসড়কের উপরে উল্টে যায় এবং বাসটি খাদে পড়ে যায়। এসময় পিকআপে থাকা ৩ জন নিহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কুয়েত প্রবাসীসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কুয়েত প্রবাসী মহসিন (৪০) ও তার বোন জামাই তালেব মিয়া একটি মাইক্রোবাসযোগে নিজ গ্রাম কুমিল্লার মেঘনা উপজেলার চেঙ্গাকান্দি ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর মাইক্রোবাসটি পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মহসিন (৪০) ও তালেব মিয়া (৫৫) নিহত হন। গুরুতর আহত মাইক্রোবাস চালক আবুল হোসেন সবুজকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।