না’গঞ্জে ৭ খুন
পরিবারগুলোতে ঈদ উত্সবের আমেজ নেই
প্রকাশ : ২৭ জুলাই ২০১৪, ২২:৫৬
বাবাকে ছাড়াই এই প্রথমবারের মতো ঈদ করতে যাচ্ছে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের দুই ছেলে নাঈম, ফাহিম ও মেয়ে তানহা। তবে ঈদ উত্সবের আমেজ নেই তাদের মধ্যে। নিহত গাড়িচালক জাহাঙ্গীরের পরিবারের জন্য মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী উপঢৌকন পাঠালেও নিহত গাড়িচালক ইবরাহিমের পরিবারের খোঁজ নেয়নি কেউ।
নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি জানান, ঈদের কেনাকাটা করার কোন মানসিকতাই কারো মধ্যে নেই। মেয়র আইভী আমার জন্য দু’টি থ্রি পিস পাঠিয়েছেন। এছাড়া তাজুলের বাবার জন্য পাঞ্জাবি ও মায়ের জন্য শাড়ি পাঠিয়েছেন। গতকাল রবিবার নিহত গাড়িচালক জাহাঙ্গীরের পরিবারকে ১০ হাজার টাকা ও নিহত তাজুল ইসলামের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেছেন।
বিউটি আরো জানান, এখন মামলার ভবিষ্যত্ প্রধানমন্ত্রীর হাতে। আমরা তো আন্দোলন কম করিনি।
নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান রিপন জানান, নিহত স্বপনের দুই মেয়ে ইসরাত জামান স্বর্ণা ও তাবাসসুম মাহির জন্য মেয়র আইভী জামাকাপড় পাঠিয়েছেন। এছাড়া বাবার জন্য পাঞ্জাবি ও মায়ের জন্য শাড়ি পাঠিয়েছেন। এছাড়া নিহত গাড়িচালক জাহাঙ্গীরের স্ত্রীর জন্য থ্রি পিস ও মায়ের জন্য শাড়ি পাঠিয়েছেন মেয়র। তিনি নিহত জাহাঙ্গীরের পরিবারকে নগদ ৬ হাজার টাকা প্রদান করেছেন।
তিনি আরো জানান, স্বপন নিজের পায়ে দাঁড়ানোর পর থেকেই প্রতিটি ঈদের আনন্দ পরিবারের সকলের মধ্যে ভাগাভাগি করে নিত। প্রত্যেক ভাই বোনের পরিবারের জন্য ৫ হাজার করে টাকা দিত। স্বপন নেই তাই আমাদের কারো মধ্যেই ঈদের আমেজ নেই। শুধু ছোট বাচ্চাদের জন্য কেনাকাটা করা হয়েছে।
এদিকে নিহত ৭ পরিবারের মধ্যে সবচেয়ে অবহেলিত নিহত গাড়িচালক ইবরাহিমের পরিবার। সোনারগাঁওয়ের আলগীরচর এলাকায় বসবাস করেন নিহত ইবরাহিমের দুই স্ত্রী মাহমুদা ও হনুফা, দুই ছেলে রনি, জোনাইদ এবং তিন মেয়ে সীমা, মারিয়া ও নাজিয়া। মাহমুদা জানান, আজ পর্যন্ত কেউ তাদের পরিবারের খোঁজ খবর নেয়নি। ঈদের আর একদিন বাকী অথচ শিশু সন্তানদের জন্য নতুন জামাকাপড় কিনে দিতে পারিনি।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।