১৩ দিনেও ফেরেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১০ জেলে

গভীর সাগরে মাছ ধরতে গিয়ে গত ১৩ দিনেও ফিরে আসেনি পাথরঘাটার ১০ জেলে। নিখোঁজদের মধ্যে একই পরিবারের চার জন রয়েছেন বলে জানা গেছে। সাগরে অনুসন্ধান করতে গিয়েও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। জেলে পরিবার ও জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি সূত্রে এ তথ্য জানা গেছে। নিখোঁজ ট্রলার এফবি আনোয়ারের মালিক মো. হারুন জানান, ৬ দিনের রসদ দিয়ে তিনি ট্রলারটি ১৫ জুলাই সাগরে পাঠিয়েছেন। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি মোহিদ নামে একটি ট্রলার নিয়ে সুন্দরবনের কচিখালী, ফেয়াওয়েবয়া, আলোরকোল, মেহেরআলী, হিরণপয়েন্ট, মান্দারবাড়িয়া ও ভারতীয় সীমানা বরাবর বিভিন্ন মত্স্য ক্ষেত্র অনুসন্ধান করে গত শুক্রবার ফিরেছে। কিন্তু নিখোঁজ জেলেদের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সাগর উত্তাল থাকায় ট্রলার ডুবে গেছে এবং তাদের সলিল সমাধি হয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।