বগুড়ায় পৃথক ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

জেলায় পৃথক ঘটনায় বিদ্যুত্স্পৃষ্ট বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। এরমধ্যে গতকাল রবিবার সকালে আদমদীঘিতে বাবা ও ছেলে এবং গত শনিবার সন্ধ্যায় ধুনটে চালায় আটকে যাওয়া ফুটবল পাড়তে গিয়ে এক কিশোর মারা যায়। আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপি চেয়ারম্যান জানান, তার ইউনিয়নের ভেলনা গ্রামের বিমল বর্মন (৫০) বাড়ির অদূরে এক জমিতে শসা চাষ করেন। রাতে চুরি হওয়া ও শেয়ালের উত্পাত থেকে রক্ষা পেতে তিনি জমির চারপাশে কাঁটাতার বিছিয়ে তারগুলো বিদ্যুতায়িত করে রাখেন। গতকাল ভোরে বিমল বর্মন তার জমিতে শসা তুলতে যান। রাতের বৃষ্টিতে মাটি ভেজা থাকার কারণে জমির মাটিও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে তিনি জমির পাশে যাওয়ার পরপরই বিদ্যুত্ স্পর্শে মারা যান। এরপর তার ছেলে বিধান বর্মন (২৪) জমিতে বাবাকে পড়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে তাকে তোলার চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে এলাকার লোকজন গিয়ে জমি থেকে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে মৃত বাবা-ছেলেকে উদ্ধার করে। এদিকে গত শনিবার সন্ধ্যায় গোসাইবাড়ি ফকির পাড়ার হারুনার রশিদ (১২) বাড়ির চালা থেকে ফুটবল পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। গোসাইবাড়ি ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।