মতিঝিলের ব্যাংকপাড়া ফাঁকা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২১:৩৫
ঈদের পর প্রথম কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার মতিঝিলের ব্যাংকগুলো অনেকটাই ফাঁকা ছিল। কোন ব্যাংকেই গ্রাহকের চিরচেনা দীর্ঘ লাইন দেখা যায়নি। টাকা জমা দেয়া বা উত্তোলন করতে আসা গ্রাহকের হুড়োহুড়ি নেই। নির্বিঘ্নে টাকা লেনদেন করতে পেরেছেন তারা। অথচ ঈদের আগে এসব ব্যাংকে গ্রাহককে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হতো। গ্রাহকের বিরক্তি অনেক সময় ক্ষোভেও পরিণত হতে দেখা গেছে।
রাজধানীর মতিঝিলে সরেজমিনে বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা গেছে, ঈদের পর প্রথম কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীরা ঈদের শুচ্ছো বিনিময়, কোলাকুলি ও কুশলাদি বিনিময় করে সময় পার করেছেন। অলস সময় পার করেছেন অনেকেই। কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটির পর গতকাল প্রথম কার্যদিবস বৃহস্পতিবার হওয়ায় বেশি ফাঁকা। কারণ বৃহস্পতিবার একদিন ছুটি নিলে পরবর্তী আরো দুই দিন (শুক্র ও শনিবার) বন্ধ। অনেক কর্মকর্তা গতকাল ছুটি নিয়ে এই সুযোগ কাজে লাগিয়েছেন।
আর গ্রাহক যারা এসেছিলেন তাদের অধিকাংশ জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা ঈদের আগে যারা ব্যাংকে টাকা রাখতে পারেননি তা জমা দিতে এসেছেন।