আরাম কেদারা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২১:৪৩
চ্যানেল :এটিএন বাংলা
প্রচার সময় :রাত ৮টা ৫০ মিনিট
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আরাম কেদারা’। সৈয়দ মঞ্জরুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন আবুল হায়াত, আবুল কাশেম, শাহেদ শরীফ, নাদিয়া, শৈলী আহসান প্রমুখ। এর কাহিনী—জাহিদ ব্যাংকে চাকরি করে। স্ত্রী সোমা একটি এনজিওর এক্সিকিউটিভ। নতুন বাসা ভাড়া করেছে। জাহিদ সেখানে তার বাবার আরাম কেদারাটা স্ত্রীর আপত্তি সত্ত্বেও রেখেছে অপরিসর ড্রইংরুমে। এই নিয়েই স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য। সোমা কেদারাটির বিদায় করতে চাইলেও একসময় সে তার মৃত শাশুড়িকে দেখতে পায় কেদারায়। যখন সে জানতে পারে সে অন্তঃসত্ত্বা। তার দুর্বলতা জন্মে কেদারার উপর। ওদিকে জাহিদ খুব ক্ষিপ্ত হয়ে ওঠে কেদারার উপর। যখন তার নিশ্চিন্ত ধারণা হয় তার বাবার কারণেই মায়ের ক্যান্সারে মৃত্যু হয়েছে অতিদ্রুত। বাবাকে সে মনে মনে দোষী সাব্যস্ত করে। কেদারাটাও দূর করতে চায়।
এমন সময় অলৌকিক ঘটনা ঘটে। চেয়ারটা ড্রইংরুম থেকে সরে বারান্দায় আসে। স্বামী-স্ত্রী দুজনেই খুশি মনে মেনে নেয় সমাধান।