পিপি আর পলিথিন এক নয়
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:০৩
যাঁরা পলিথিন অভিযানে নামেন তাঁদের বুঝতে হবে কোনটি পলিথিন আর কোনটি পিপি। পিপি পরিবেশের জন্য ক্ষতিকর নয়— কেননা এটি পরিবেশীয় উপাদানের সঙ্গে মিশে ক্ষয় হয়ে যায়। সূর্যালোকের অতি বেগুনি রশ্মি এবং সৌর তাপ পলিপ্রোপাইলিনকে ক্ষয় করে। পলিপ্রোপাইলিনের রাসায়নিক গঠনে পরপর অবস্থিত টারসিয়ারি কার্বন অ্যাটমে অক্সিডেশন ঘটে বলে প্রকৃতিতে এর গঠন ভেঙে যায়। মাটিতে অবস্থিত বিভিন্ন প্রকার অনুজীব কার্বোহাইড্রেটের উপস্থিতিতে পলিপ্রোপাইলিনের গাঠনিক অবস্থাকে ভেঙে ফেলে। আমাদের দেশের বিভিন্ন নিরাপদ প্যাকেজিং ব্যাগ হিসেবে এই পিপি ব্যবহার হয়ে থাকে। কোথাও এই পিপি নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু প্রায়ই পলিথিন অভিযানে নেমে পিপি জব্দ করা হচ্ছে। সম্প্রতি মাশরুম উত্পাদনে এই পিপি ব্যাগ সারা বিশ্বের মতো বাংলাদেশেও ব্যবহার হচ্ছে। পিপির দাম গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে। পরিবেশ আন্দোলনে যাঁরা নামেন তাঁদেরকে বিষয়টি ভেবে দেখতে হবে। পিপি যদি অবৈধ হয় তবে এর কাঁচা মাল আমদানি এবং উত্পাদন বন্ধ করা হোক।
মোহাম্মদ আনোয়ার হোসেন,
উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার ঢাকা