চারদিনে সাতজনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২২:০৬
ঈদের ছুটিসহ গত চারদিনে রাজধানীতে পৃথক ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- রমনায় ছাদ থেকে পড়ে মনিরুজ্জামান, বিষপানে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাছ বিক্রেতা হাসিবুর রহমান, মালিহা আক্তার জুঁই ও ইয়াসমিন নাহার বেবী। বিদ্যুত্স্পৃষ্টে রবিউল ইসলাম ও স্যানিটারি মিস্ত্রি আব্দুল হান্নানের মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রমনার মীরবাগ এলাকার একটি বাড়ির ছাদ থেকে পড়ে মনিরুজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ৩০ জুলাই বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই জামান জানান, মনিরুজ্জামান মাদকাসক্ত ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাসায় সেমাই খেয়ে বের হয়ে ছদে যায়। রাত পৌনে নয়টার দিকে চারতলার ছাদ থেকে পাশের বাড়ির একতলার ছাদে পড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টায় চিকিত্সক মৃত্যু ঘোষণা করেন।
এদিকে গত মঙ্গলবার রাতে মগবাজারে বিষপানে আত্মহত্যা করেছেন মাছ ব্যবসায়ী হাসিবুর রহমান। অচেতন অবস্থায় তাকে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যালে নিলে বুধবার ভোর সাড়ে ৫টায় চিকিত্সক মৃত ঘোষণা করেন। মৃতের বড় ভাই মাহবুবুর রহমান জানান, স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে হাসিবুল মগবাজারের বাসায় ভাড়া থাকত। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হাসিবুল আত্মহত্যা করেছে।
গত সোমবার বিকালে রমনার একটি বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইয়াসমিন নাহার বেবী নামে এক গৃহবধূ। রমনা থানার এসআই এনামুল হক জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে উক্ত বাড়ির ৫তলার একটি কক্ষ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে বেবী আত্মহত্যা করেছেন।
এদিকে ঐদিন বিকালে রামপুরায় মালিহা আক্তার জুঁই নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। রামপুরা থানার এসআই বাবুল হোসেন জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। জুঁইয়ের মামা মোশাররফ হোসেন জানান, সাড়ে ৪মাস আগে জু্ইয়ের বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজন তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। সোমবার বিকেল চারটার দিকে আত্মহত্যার খবর পেয়ে জুইয়ের শ্বশুর বাড়িতে যান।
বুধবার ভোরে মিরপুর রূপনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। রূপনগর থানার এসআই আজিজুল হক জানান, পানির পাম্প ছাড়ার জন্য সুইচ চালু দিতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব জুরাইনের কমিশনার রোডের একটি বাসায় কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান আব্দুল হান্নান। একই দিন সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের কামার পাড়া পুলিশ চেকপোস্টের সামনে বাসের ধাক্কায় এক ব্যক্তি মারা যান। তবে তার পরিচয় জানা যায়নি।