সিরিয়ার আলেপ্পোয় টানেলে বোমা বিস্ফোরণ ১৩ সৈন্য নিহত

সিরিয়ার আলেপ্পোয় টানেলে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৩ জন সৈন্য নিহত হয়েছে। এদের সবাই প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক। দেশটির বিদ্রোহী বাহিনী ইসলামিক ফ্রন্ট গত মঙ্গলবার এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে। দেশটিতে অবস্থানরত বিভিন্ন মানবাধিকারকর্মী এবং একটি পর্যবেক্ষক দল একথা জানিয়েছে। শহরটির তিনটি টানেলে এ বোমাগুলো রাখা হয়। বোমার অবস্থান গভর্নর ভবনের কাছে ছিল। এদিকে গত কয়েকদিন ধরেই শহরটিতে লড়াই চলে আসছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ টানেলে বোমা বিস্ফোরণের ঘটনায় সরকারি ও অন্যান্য বাহিনী মিলে মোট ১৩ জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। ওদিকে এ হামলার বিষয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। কয়েক মাসের লড়াইয়ের পর গত জুনে সিরীয় সরকার আলেপ্পো দখলে নেয়। তারা বিদ্রোহীদের প্রধান সরবরাহ পথ বন্ধ করে দেয়। এদিকে বিদ্রোহীদের সাথে লড়াইয়ে লেবাননি শিয়া সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর সহায়তায় সরকার তাদের অভিযান বাড়িয়ে দিয়েছে এবং ক্রমেই সরকারি বাহিনী অগ্রসর হচ্ছে। তবে আলেপ্পোর পশ্চিম ও দক্ষিণাঞ্চল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলেও বিদ্রোহী যোদ্ধাদের এ এলাকা থেকে বিতাড়ণে সক্ষম হয়নি তারা। অন্যদিকে দামেস্কর অধিকাংশ অঞ্চল, হমস থেকে রাজধানীতে ঢোকার পথ এবং ভূমধ্য সাগরের পশ্চিম উপকূল সরকারের দখলে রয়েছে।