রাশিয়ায় পোল্যান্ডের ফল-সবজি আমদানি নিষিদ্ধ

পোল্যান্ড থেকে বেশিরভাগ ফল ও সবজি আমদানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশে বাধা-নিষেধ আরো বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে মস্কো। রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের আরোপিত নতুন নিষেধাজ্ঞার জবাব দিতেই রাশিয়া এ পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে। রাশিয়া বছরে ২শ’ কোটিরও বেশি ইউরোর ফল ও সবজি কেনায় দেশটি পোল্যান্ডের জন্য এ পণ্যের সবচেয়ে বড় রপ্তানির বাজার। স্বাস্থ্যগত দিক বিবেচনায় ফল ও সবজি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। পোল্যান্ডের ফল উত্পাদনকারীরা এ নিষেধাজ্ঞা রাজনৈতিক বলে মত দিয়েছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে। অতীতে রাজনৈতিক বিবাদে জড়িত দেশগুলোতে প্রায়ই খাদ্যপণ্যের স্বাস্থ্যসম্মত দিকটি পরীক্ষা করে দেখার নাম করে বাণিজ্যের ওপর কড়াকড়ি করার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে। এবার পোল্যান্ড থেকে রাশিয়ার ফল ও সবজি আমদানি নিষিদ্ধের ঘোষণাকে বিস্ময়কর আখ্যা দিয়ে ইইউ বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং ইইউ রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষার মতো বড় খাতগুলোতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরপরই মস্কোর আমদানি নিষিদ্ধের এ ঘোষণা এল।