‘চীনে সংঘর্ষে একশ উইঘুর মুসলিম হতাহত’

চীনের অধিকাংশ উইঘুর সংখ্যালঘু মুসলিমদের বাসস্থান জিনজিয়াং অঞ্চলে মঙ্গলবার এক সংঘর্ষে প্রায় ১০০ জনের মতো মানুষ নিহত বা আহত হয়েছে বলে বিশ্ব উইঘুর কংগ্রেস নামে একটি নির্বাসিত গ্রুপ দাবি করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ায় খবর প্রকাশিত হওয়ার একদিন পর গত বুধবার হতাহতের সংখ্যা নিয়ে এই ঘোষণাটি দেয়া হলো। সিনহুয়ায় মঙ্গলবারের ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করে বলা হয়, ছুরি এবং কুড়াল সঙ্গে নিয়ে সশস্ত্র একদল মানুষ শহর এলাকার দিকে আসার আগে একটি পুলিশ স্টেশন এবং সরকারি দপ্তরে হামলা করে। সংবাদ সংস্থাটি বলেছে, ‘ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা দাঙ্গা-হাঙ্গামাকারী জনতার কয়েকজন সদস্যকে গুলি করে হত্যা করে।’ সিনহুয়া হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা না জানালেও নির্বাসিত গ্রুপ বিশ্ব উইঘুর কংগ্রেসের মুখপাত্র দিলসাত রাসিত এক ইমেইলে বলেন, সংঘর্ষের সময়ে প্রায় একশ’ জনের মতো মানুষ নিহত এবং আহত হয়েছে। এর আগে রাসিত জানিয়েছিলেন, ঐ ঘটনায় ২০ জনেরও বেশি উইঘুর নিহত ও ১০ জন আহত হয়েছে। এছাড়া, সব মিলিয়ে ১৩ চীনা কর্মকর্তা নিহত এবং উইঘুর সমপ্রদায়ের ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।