চাটমোহর সড়কের উপর হাট যানজটে জনদুর্ভোগ চরমে
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৩
পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার (অমৃতকুন্ডা) হাটটি চাটমোহর-পাবনা সড়কের উপর বসার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রতি রবিবার অমৃতকুন্ডা (রেলবাজার) হাট বসে। এর মধ্যে পাট ও চৈতালি ফসলসহ অন্যান্য পণ্য সামগ্রীর বেচাকেনা চলে চাটমোহর-পাবনা সড়কের উপর। অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সার্বক্ষণিক বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সা, টেম্পু, নসিমন, করিমন চলাচল করে থাকে। হাটবারের সকালে সৃষ্টি হয় মারাত্মক যানজটের। ঘণ্টার পর ঘণ্টা এই যানজট ও জনদুর্ভোগ চললেও কারো কোন মাথা ব্যথা নেই। হাটের ইজারাদার ইচ্ছেমতো সড়কের উপর হাট বসিয়ে টোল ও খাজনা আদায় করছে। হাটের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। ফলে হাটটি উঠে এসেছে সড়কের উপর।
সড়কের দুইপাশে জেলা পরিষদের জায়গা এলাকার কয়েকজন ব্যবসায়ী জবর দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। প্রশাসনকে ম্যানেজ করে এই দখল প্রক্রিয়া চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোপূর্বে প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিস প্রদান করেছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা ফাইল চাপা পড়ে যায়। সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় সড়কের উপর হাট বসে আরো বেশি যানজটের সৃষ্টি হচ্ছে। ইজারাদাররা ইচ্ছেমতো এ সকল কাজ করলেও তাদের বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয় না।
হাটের ইজারাদার ও দখলবাজরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কিছু করতে পারছে না। প্রশাসনও তাদের দ্বারা ম্যানেজ হয়ে যাচ্ছে।
এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মজিবুল হক টুটুল সমাজী যানজটে আটকে পড়েন। তিনি জানান, এই অবস্থার উন্নতি দরকার। ইজারাদার কোন সাহসে সড়ক দখল করে হাট বসায়, তা আমার বোধগম্য নয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সমস্যার সমাধান করা হবে। দখলের বিষয়ে তিনি বলেন, যদি কেউ দখল করে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।