কচুয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা আটক ২
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৪
চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে অলিউল্ল্যা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে শংকরপুর গ্রামের মৃধা বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় মৃতের স্ত্রী কচুয়া থানায় ১০ জনকে এজহার নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ এজহারভুক্ত আসামি নাজমুল হাসান সারফিন (৩২) ও আব্দুল কাদেরকে (২২) গ্রেফতার করেছে।
পুলিশ ও অলিউল্ল্যার পরিবার সূত্রে জানা যায়, শংকরপুর গ্রামের পার্শ্ববর্তী অভয়পাড়া গ্রামের একটি দোকানে চা খেয়ে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন অলিউল্ল্যাহ। নূরু গাজী বাড়ির পশ্চিম উত্তর পাশে কাঁচা রাস্তায় এসে পৌঁছলে তার ভাতিজা আবদুল হামিদের নেতৃত্বে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে অলিউল্ল্যার উপর হামলা চালায়। হামলাকারীরা চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে অলি উল্ল্যাকে ঘটনাস্থলে নির্মমভাবে হত্যা করে। পুলিশ রাতেই লাশ উদ্ধার এবং নাজমুল হাসান সারফিন ও আব্দুল কাদেরকে গ্রেফতার করে। কচুয়া থানার অফিসার ইন চার্জ মো. আলগমীর হোসেন মজুমদার জানান, মামলার প্রধান আসামি আবদুল হামিদ চিহ্নিত ডাকাত ও পেশাদার অপরাধী। অস্ত্র মামলায় ইতিপূর্বে সে সাজাপ্রাপ্ত। কিছুদিন আগে সে জেল হাজত থেকে জামিনে ছাড়া পায়। এর পরপর-ই এ হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয়। ভাড়ায় সে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে থাকে বলে পুলিশ জানায়।