শিল্পী হাসি চক্রবর্তীর দেহ অবসান

বিশিষ্ট চিত্রশিল্পী হাসি চক্রবর্তী (৬৭) আর নেই। গত সোমবার নগরীর নন্দনকানন এলাকার বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী অধ্যাপিকা ছবি চক্রবর্তী, দুই ছেলে ও দুই পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে নগরীর বলুয়ারদিঘী মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে বিকালে তার মরদেহ চারুকলা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্রছাত্রীরা শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, হাসি চক্রবর্তী দীর্ঘদিন চট্টগ্রাম চারুকলা কলেজের (পরবর্তীতে চারুকলা ইনস্টিটিউট) অধ্যক্ষ ছিলেন। সত্তরের দশকে উদীচীর প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির সঙ্গে জড়িত থাকা হাসি চক্রবর্তী অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। তার মৃত্যুতে উদীচী চট্টগ্রাম, গণজাগরণ মঞ্চ, খেলাঘর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।