সন্তানদের দেখা না পেয়ে দিনটি গেছে চোখের জলে বুক ভাসিয়ে
মোঃ জামাল উদ্দিন, গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৫
ঈদের দিনে প্রিয় সন্তানরা দেখা করতে আসবে এ আশায় বুকবেঁধে ছিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের আশ্রিত কদভানু বিবি (৭৫), সোবাহান হাওলাদার (৮২), আক্কেল আলী (৯০), তাজুল ইসলাম (৮৫)সহ কয়েকজন অসহায় মা-বাবা। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তান ও স্বজনদের দেখা না পেয়ে তাদের ঈদ কেটেছে কান্না ও চোখের জলে।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া গৌরনদীর জংগলপট্টি গ্রামের বৃদ্ধা কদভানু (৭৫) কেঁদে কেঁদে জানান, প্রায় একযুগ হইলো পোলাপানগো মুখ দেখতে পাই না। প্রতি বছরই ঈদ আইলে মনে করি মোর পোলারা মোগরে নিতে আইবো। কিন্তু কেউতে তো আমাগো খবর নিতেও আইলো না।
বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপির নির্দেশে গৌরনদীর মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সেখানকার সবাইকে নতুন জামা-কাপড়, শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।
বৃদ্ধাশ্রমে আশ্রিত নড়াইলের ৮৫ বছর বয়সী তাজুল ইসলাম বিছানায় পড়ে আছেন। অসুস্থতা ও বার্ধক্যের কারণে কথাও বলতে পারছেন না ঠিকমতো। তারপরও সন্তানদের জন্য তিনি দোয়া করে যাচ্ছেন। সংসারের বোঝা মনে করে তাকে গত মে মাসে সন্তানরা ফরিদপুরের সদরপুরের রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে স্থানীয়রা ওই বৃদ্ধকে সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এখানে আশ্রিত আগৈলঝাড়ার দাসপট্টি গ্রামের ৯০ বছর বয়সী বৃদ্ধ আক্কেল আলী এখনও অপেক্ষা করে যাচ্ছেন কবে তার প্রিয় সন্তানরা এসে তাকে বাড়িতে নিয়ে যাবে।