সোনাইমুড়ির সংখ্যালঘু পরিবারে হামলা আহত ১০

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ধন্যপুর কর্মকার বাড়িতে গত বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিপথগামীরা হিন্দু বাড়িতে হামলা, ভাংচুর, মারধর ও লুটপাট করে। এ সময় মহিলাসহ ১০ আহত হন। আহতদের সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ধন্যপুর গ্রমের ভানুলাল কর্মকারের বাড়ির দরজায় স্থানীয় কতিপয় বিপথগামী যুবক এসে ফুটবল খেলার সময় বল গিয়ে মন্দিরে ঢুকে পড়ে। এ নিয়ে বাড়ির লোকজন যুবকদেরকে বল খেলতে বারণ করলে তারা চলে যায়। কিছুক্ষণ পর সবুজ, মো. সৈকত, মিন্টুর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ২০/২৫ জনের একটি দল এলোপাতাড়ি মারধর, ভাংচুর, কিরিচ, ধামা দিয়ে কোপাতে থকে। এতে রুপেশ কর্মকার, সঞ্জয় কর্মকার, সুখদেব কর্মকার, চন্দনা রানী কর্মকার, নয়ন কর্মকার লিটন কর্মকারসহ ১০ জন আহত হয়। প্রথম দফা হামলা করেই শেষ হয়নি কিছুক্ষণ পর সিরাজুল ইসলাম (৬০) এর নেতৃত্বে পুনরায় হামলা চালিয়ে ভাংচুর, মারধর, লুটতরাজ চালায়। এ ব্যাপারে ভানু লাল কর্মকার বাদী হয়ে সোনাইমুড়ি থানায় সাতজনের নামোল্লেখ করে আরো ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সোনাইমুড়ি থানার পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম, মানিক ও সৈকত নামে তিনজনকে গ্রেফতার করেছে।