বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ১২জন খুন
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৭
দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ১২ জন খুন হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পীরগাছায় পৃথক ঘটনায় ২ খুন
রংপুরের পীরগাছায় পৃথক দু’টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের হয়েছে।
একই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় এক প্রেমিক ছুরিকাঘাত করে খুন করেছে অপর প্রেমিককে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের সুবিদ গ্রামে।
সূত্রে জানা যায়,উপজেলার সুবিদ গ্রামের প্রবাসী মন্জুরুল ইসলাম তারার ছেলে ও রংপুর কারমাইকেল কলেজের ১ম বর্ষের ছাত্র তৌফিক আহম্মেদ তুষার চৌধুরাণী ডিগ্রি কলেজের এক ছাত্রীর সাথে দীর্ঘ দিন থেকে প্রেম করে আসছিল। সম্প্রতি পার্শ্ববর্তী মিরাপাড়া গ্রামের তাবুল মিয়ার ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম (২৩)একই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর জের ধরে গত বুধবার রাতে তুষারকে ছুরিকাঘাত করলে তুষার ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার তালুক পারুল গ্রামের কাশেম মিয়ার ছেলে মফিজল পার্শ্ববর্তী বাড়ির এক বিধবা’র ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করলে বিধবা লাঠি দিয়ে আঘাত করলে মফিজুল ঘটনাস্থলে মারা যায়।
কাউনিয়ায় বিরোধে নিহত ১
রংপুরের কাউনিয়ায় জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। খুনের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।জানা গেছে, উপজেলার চর চতুরা গুচ্ছগ্রাম এলাকার মৃত আলী শেখের ছেলে মোস্তাক (৭০) এর জমির সীমানা নিয়ে বিবাদ চলছিলো একই এলাকার আনছার আলীর সাথে। বুধবার সকালে নতুন করে আবারো বিবাদ শুরু হলে আনছার আলী এবং তাদের লোকজন মোস্তাকের গলা টিপে হত্যা করে। এঘটনায় পুলিশ আনছার আলীর ছেলে মনিরুল. আনছার আলী এবং সাদ্দামের ছেলে জাহাঙ্গীরকে আটক করে।
নান্দাইলে মায়ের থাপ্পড়ে প্রাণ গেলো শিশুর!
গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কূলধূরুয়া গ্রামে দুষ্টুমির এক পর্যায়ে মা তার একমাত্র শিশু পুত্রকে থাপ্পড় দিয়ে শাসন করায় ঘটনাস্থলেই মারা যায় শিশু শাওন (৬)।
শিশুটির নানী জানান, শাওন দুষ্টমি করলে তার মা শিরিন শিলা রাগের বশে একটি থাপ্পড় মারে ও আরেকটি মারতে উদ্যত হলে শাওন দৌড়ে পালানোর সময় দরজার চৌকাঠের ওপরে পড়ে মারা যায়।
আমতলীতে গৃহবধূ খুন
আমতলীর গুলিশাখালী গ্রামে বুধবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলায় হাসিনা নামে এক গৃহবধূ খুন হয়েছে।
জানা গেছে, গ্রামের হাসান মোল্লা ও জাকির ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার প্রতিপক্ষ জাকির ফকিরের লোকজন জোরপূর্বক ওই বিরোধীয় জমি চাষ করা শুরু করে। এসময় হাসান মোল্লার অনুপস্থিতিতে তার স্ত্রী হাসিনা বেগম জমি চাষে বাধা দিলে প্রতিপক্ষ হাসিনা বেগমের উপর হামলা করে। হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পাকুন্দিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে ১ জন নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার দরদরা ঈদগাহের সীমানা বিরোধের জেরে বল্লমের ঘায়ে বাবুল মিয়া(৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগে প্রকাশ, বাবুল মিয়ার ৬ ফুট জায়গা ঈদগা পরিচালনা কমিটির লোকজন জোরপূর্বক দখল করে নেয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বৃহস্পতিবার দরদরা প্রাইমারি স্কুল মাঠে এ নিয়ে সালিশের আয়োজন করা হয়। কিন্তু দরবারে উপস্থিত না থাকায় উপস্থিত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায় এবং বল্লম ছুঁড়ে মারলে বুকে বিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
ঝিনাইগাতীতে স্ত্রীর হাতে স্বামী খুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে স্ত্রীর হাতে স্বামী সৈয়দুর রহমান ফজু (৫৮) খুন হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী আছমা বেগমকে পুলিশ গ্রেফতার করে।
শৈলকুপায় ’বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামে পুলিশের সাথে সন্ত্রাসীদের ’বন্দুক যুদ্ধে’ মনিরুল ইসলাম ( ২৪ ) নামে একজন নিহত হয়েছে। সে হরিণাকুন্ডু উপজেলা বিন্নী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রবিবার রাত আড়াইটার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বন্দুক যুদ্ধকালে দু’জন পুলিশ আহত হয়।
স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের লাশ
স্বরূপকাঠিতে অজ্ঞাত যুবকের (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার মুনিনাগ নামক স্থানে সন্ধ্যানদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পঞ্চগড়ে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ
পঞ্চগড়ে যৌতুকের দাবিতে নির্যাতন করে শাহেরা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী রবিউল ইসলাম (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী সাথি আক্তার (২০) কে আটক করেছে। পঞ্চগড় থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ভালুকায় স্বামীর হাতে গৃহবধূ খুন
বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব ঢুলিভিটা গ্রামে পারিবারিক কলহের জের হিসেবে স্বামীর হাতে সাবিনা শারমিন (২০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।
জানা যায়, উপজেলার ঢুলিভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে হেলালের সাথে এক বছর পূর্বে মেদুয়ারী গ্রামের রিকশাচালক আলফাজ মিয়ার মেয়ে সাবিনা শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী হেলাল ও শাশুড়ী তারবানু শারমিনকে শ্বাসরোধে হত্যা করে।
মেহেরপুরে মুদী দোকানীকে গলা কেটে হত্যা
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দসকে (৪৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আমঝুপি শ্মশানঘাট মাঠের একটি বাঁশবাগান থেকে তার লাশের সন্ধান পায় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করেছে।