মনিরামপুরে ছিনতাইকারীর হামলায় দুই ভাই হতাহত
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৭
ঈদ উপলক্ষে বাড়িতে আসা ভাইকে এগিতে নিতে গিয়ে ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের। এ সময় রাজুর ভাই সুমন হোসেনও (৩২) গুরুতর আহত হন। রবিবার রাত ১২টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার সাতনল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান রাজু। রাজু ও সুমন মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যাংক কর্মকর্তা সুমন গ্রামের বাড়িতে ঈদ করার জন্য রবিবার মধ্যরাতে ঢাকা থেকে বাসে মনিরামপুর পৌঁছান। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে মনিরামপুরে যান তার ছোট ভাই রাজু। বাড়ি ফেরার পথে তারা উপজেলার সাতনল ব্রিজের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের উপর্যুপরি কুপিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় সকালে রাজুর মৃত্যু হয়।