ইঞ্জিন বিকল হওয়ার পাশাপাশি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় গত ২ দিন ধরে হাতিয়া উপজেলার প্রধান পৌর বাজার ওছখালী এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ঈদকে সামনে করে বাজার ব্যবসায়ী ও রোজাদারদের সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তাছাড়া ঈদ উপলক্ষে অনেকেই বাসা-বাড়িতে ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণ করেছেন। কিন্তু বিদ্যুত্ না থাকায় সেগুলো এখন নষ্ট হতে চলেছে। একদিকে প্রচণ্ড গরমে জনজীবন দুর্বিসহ হয়ে ওঠেছে, অপরদিকে বিদ্যুত্ না থাকায় ইফতার, তারাবি ও সেহেরীর সময় মানুষের দুর্ভোগ চরমে ওঠেছে। ফলে বিদ্যুত্ গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে স্থানীয় বিদ্যুত্ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার কারণে জেলা সদর থেকে ট্রান্সফরমার আনা খুবই ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার। নতুন ট্রান্সফরমার ছাড়া বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব নয়।