তাহেরপুর ভূমি অফিস দালালদের দখলে
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৮
রাজশাহীর বাগমারা উপজেলায় এসিল্যান্ড পদ শূন্য থাকার কারণে তাহেরপুর ভূমি অফিসের অন্যান্য কর্মচারী ও দালালদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একই সাথে খারিজ, আপিল কেস, পাবলিক পিটিশন, অর্পিত সম্পত্তির নবায়ন ও খারিজ আপিলের কার্যক্রমসহ বিভিন্ন কাজকর্মের ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে।
এছাড়াও ভূমি অফিসে কাজ করতে আসা লোকজনেরা দালালচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। লোকজন ভূমি অফিসে নামজারি রেজিষ্ট্রি, খাজনার রশিদ ও জমি খারিজ করতে গেলে শামীমুল ইসলাম ও সুভাষ নামের দালালদের পাল্লায় পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে।
এই অফিসের দুর্নীতিবাজরা ইচ্ছা মত লোকজনদের কাছ থেকে জমির শ্রেণি পরিবর্তন, খারিজ, খাজনা আদায়ে অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। জমির দলিল খারিজ করতে গেলে প্রকার ভেদে তিন থেকে চার হাজার টাকা আদায় করা হয় বলে ভুক্তভুগিরা জানান।
তাছাড়াও ধানী, ডোবা জমি, গোরস্থান, বন-জঙ্গল শ্রেণির জমির খাজনা দিতে গেলে ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা বলেন, তাদের কাছে খাজনা জমা নেয়ার রশিদ নাই। কিন্তু দালালচক্রের শামীমুল ইসলাম ও সুভাষের হাত দিয়ে মোটা অংকের টাকা দিতে চাইলেই উল্লেখিত জমির খাজনা নেয়া হয় এবং রশিদও প্রদান করা হয়।
ভূমি কমিশনারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই অফিসের বিভিন্ন অনিয়মের বিষয়ে একাধিক ব্যক্তির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অচিরেই অফিসটি পরিদর্শন করা হবে ।